যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সাফারি পার্কে অন্তত ৮টি গরিলার দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। বন্দি অবস্থায় থাকা বানর-জাতীয় প্রাণীর মধ্যে এই প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণের কথা জানা গেল। তবে এর আগে গরিলা ছাড়া বিড়াল ও কুকুরসহ অন্য কিছু প্রাণীর মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণ হতে দেখা গেছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, কয়েকটি গরিলার ক্ষেত্রে কাশিসহ কিছু উপসর্গ দেখা গেছে। তবে তাদের কেউই গুরুতর অসুস্থ হয়নি। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, মানুষ ও এপ বা বানরজাতীয় প্রাণীর মধ্যে বহু মিল আছে এবং সেকারণে করোনা ভাইরাস গরিলার মত বিপন্ন প্রজাতির এপদের জন হুমকি হয়ে উঠতে পারে বলে এর আগেই বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্যান ডিয়োগোর সাফারি পার্কটিতে এ পর্যন্ত একটি গরিলা টেস্টের পর নিশ্চিতভাবে করোনা ভাইরাস পজিটিভ বলে চিহ্নিত হয়েছে, তবে আটটি গরিলাই এ ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে অনুমান করছে কর্তৃপক্ষ। -বিবিসি
