আরো উন্নতি চায় পাকিস্তান

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২০

 স্পোর্টস রিপোর্টার

 টেস্টের হতাশা ঘুচলো ওয়ানডে সিরিজে। টেস্টে পাকিস্তান যে দলের বিপক্ষে ক’দিন আগেই হোয়াইটওয়াশ হয়েছিল, এবার তাদের বিরুদ্ধেই আসলো সহজ জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রবিবার রাতে পাঁচ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।

এমন ম্যাচ জয়ে বেশ খুশি পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। যদিও আরো উন্নতির সুযোগ দেখছেন তিনি। বললেন, ‘ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেছে। তাই বলে সিরিজের শুরুটা ভালো হয়েছে। বোলাররা ভালো করেছে। তবে আরও ভালো করার প্রয়োজন ছিল।’

হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর কথা জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভালো হয়েছে। আমলা দারুণ করেছে। প্রথম ওয়ানডে খেলতে নেমে ডুসেন চমক দেখিয়েছে। তার সেঞ্চুরি প্রাপ্য ছিল। তবে বোলাররা ভালো করতে পারেনি। আশা করছি, পরের ম্যাচেই বোলাররা ঘুরে দাঁড়াবে।’

তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয় পাকিস্তান। তাই ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য ছিল তাদের। লক্ষ্যকে বাস্তবে রূপ দিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে সরফরাজের দল।  পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলার সেঞ্চুরি ও অভিষেক ম্যাচ খেলতে নামা রাসি ভ্যান ডার ডুসেনের ৯৩ রানের সুবাদে ৫০ ওভারে ২ উইকেটে ২৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় প্রোটিয়ারা। ১০২ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন আমলা। ৬টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে নিজের ইনিংসটি সাজান ডুসেন। জবাবে ওপেনার ইমাম উল হকের ৮৬ ও মোহাম্মদ হাফিজের অপরাজিত ৭১ রানে ৫ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই ইনিংসটিই ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজকে।