জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’-তে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। বঙ্গবন্ধুর পিতা শেখ লুত্ফর রহমানের (৪৫-৬৫ বছর বয়স) ভূমিকায় দেখা যাবে তাকে। চঞ্চল চৌধুরী নিজেই ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। একই চরিত্রে (৬৫-৯৪ বছর বয়স) অভিনয় করবেন খায়রুল আলম সবুজ। ছবিটি নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।
চঞ্চল চৌধুরী বলেন, ‘মাসখানেক আগে নিশ্চিত হয়েছি বঙ্গবন্ধুর বাবার চরিত্রটি করছি। যখনই নিশ্চিত হয়েছি, তখন থেকেই মোটামুটি প্রস্তুতি চলছে। এ চরিত্রের জন্য যা যা প্রয়োজন জানার চেষ্টা করেছি। চূড়ান্ত প্রস্তুতির অংশ ছিল কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে সাক্ষাত্ করা। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে ওনারা দু-বোন তাদের পরিবার, জীবনযাপন, বঙ্গবন্ধুর সঙ্গে সন্তানদের সম্পর্ক, তাদের কেমনভাবে দেখতেন, দাদা-দাদি বা আশেপাশের মানুষের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। স্বচক্ষে তারা দুজন যা যা দেখেছেন আমাদের জানিয়েছেন। এতে করে অনেক নতুন ধারণা পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘তার মাঝবয়সী সময়টুকুর চরিত্রে আমি অভিনয় করবো। যে সময় বঙ্গবন্ধু বিয়ে করেন এবং তার প্রথম সন্তান জন্ম নেয় ওই সময়।
বঙ্গবন্ধুর বায়োপিক করার সুযোগ পাওয়ায় আগে-পিছে ভাবার অবকাশ নেই মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হলেন ইমোশনের জায়গা। তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র হচ্ছে। এতে তার পরিচিতি, জীবনী, কর্ম বিশ্বব্যাপী আরো বেশি ছড়িয়ে যাবে। এমন কাজ আরো আগে হওয়া উচিত ছিল। আমাদের দেশে দেরিতে হলেও হচ্ছে, এটাই ভালোলাগার বিষয়। এখানে কাজের জন্য অন্য কিছুর হিসেব করিনি। চলচ্চিত্রটি ইতিহাসের অংশ হবে, সেখানে অংশগ্রহণ করার লোভ সবারই আছে।’
আগামী ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাচ্ছেন। ২৫ জানুয়ারি থেকে সেখানে ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে। গত মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া, তথ্য কমিশনার আবদুল মালেক ও বঙ্গবন্ধু জীবনীচিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু।
