ওপার বাংলায় মুক্তি পাচ্ছে মোশাররফের ‘ডিকশনারি’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৫

ছোট-বড় দুই পর্দায় দর্শক হূদয় জয় করা অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে তিনি দর্শক চাহিদার শীর্ষে থেকে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে। মাঝে মাঝেই তাকে পাওয়া যায় গল্পনির্ভর চলচ্চিত্রে। এর আগেও তিনি এমন খবরে শিরোনাম হয়েছেন, পেয়েছেন চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা। আবারো তেমনই একটি ছবিতে কাজ করলেন এই অভিনেতা। তবে এবার বাংলাদেশের ছবিতে নয়, ওপার বাংলার একটি ছবিতে দেখা যাবে তাকে। ওপার বাংলার নাট্যকার ও পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি আগামী ১২ ফেব্রুয়ারি ওপার বাংলায় মুক্তি পাবে বলে জানা গেছে। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’ চলচ্চিত্রটি। ছবিটিতে কলকাতার পৌলমি বসুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। গতকাল মোশাররফ করিম নিজের ফেসবুক পেজে ফার্স্ট লুক প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জী। মার্ক অ্যান্ড চ্যাটার্জী রিয়েল এস্টেট কোম্পানির মালিক। স্ত্রী আর ছেলেকে নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।’

উজ্জ্বল চ্যাটার্জির চিত্রনাট্যে ছবিটিতে আরো অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, নুসরাত জাহানসহ অনেকে।