স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ হতে বিদায় নেয়া মোহামেডান পেশাদার লিগে কি রকম শুরু করবে তা নিয়ে সমর্থকদের শংকা ছিল। ভাগ্য ভালো বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় দিয়েই শুরু করেছে মোহামেডান। নাইজেরিয়ান স্ট্রাইকার এনকোচা কিংসলে চিগোজির জোড়া গোলে দলটি নিজেদের প্রথম খেলায় হারিয়েছে বিজেএমসিকে।
মোহামেডান ভাঙাচোরা দল। নামের জৌলুস রয়েছে বলার মতো এমন ফুটবলার নেই। বাদপড়া খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা মোহামেডান কাল নতুন ডিজাইনের জার্সি গায়ে প্রথম ম্যাচ উতরে গেছে।
খুলনার আলী আজগর নাসিরের প্রশিক্ষণে মোহামেডান খুব একটা খারাপও খেলেনি। খুব খুশি না কোচ। মোহামেডানকে যেভাবে পেয়েছেন এই দল নিয়ে কিভাবে এগিয়ে যাবেন এ নিয়ে তার রাজ্যের দুশ্চিন্তা। অনেকদিন ফুটবল হতে দূরে ছিলেন। খুলনায় মাছ রফতানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নাসির। সব ফেলে রেখে রাতদিন তার ভাবনায় মোহামেডানকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়া।
কোচ নাসির খেলা শেষে বলছিলেন,‘দুই গোল করেছি এক গোল খেয়েছি। এই খাওয়াটা বন্ধ করতে হবে। গোল করলে একটা এডভান্টেজ থাকে। সেটা কাজে লাগবে।’ দলে সমস্যা অনেক। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং তার ভাগ্নে জামাই জাহিদ হোসেন এমিলি মিলে যেভাবে দলটা গড়েছিলেন তা ছিল প্রশ্নসাপেক্ষ। যে কারণে মোহামেডানকে এখন সমস্যায় পড়তে হচ্ছে। রক্ষণভাগে মিন্টু শেখ নেই। মাঝমাঠে শক্তিশালী খেলোয়াড় নেই। নাসির বলছিলেন তার দলে পারফেক্ট মিডফিল্ডার নেই। মোহামেডান নির্ভর করে চার বিদেশির উপর। নাইজেরিয়ান দুজন, গাম্বিয়ান একজন, জাপানী একজন। জাপানী ফুটবলার ইউরি নাগাতা খেলেন মাঝমাঠে। তাকে গতকাল মোহামেডানের রক্ষণভাগের দায়িত্ব দিয়ে সফল হয়েছে। নাগাতার নিখুঁত দায়িত্ব পালন দেখে কোচ নাসির খুশি। নাগাতা বুক দিয়ে আগলে রেখেছিলেন মোহামেডানের রক্ষণভাগ। তারপরও গোল একটা হজম করতে হয়েছিল প্রথমার্ধের ইনজুরি টাইমে। মোহামেডান ৩৩ মিনিটে গোলের সূচনা করেছিল। ল্যান্ডিং ক্রস করেন নাইজেরিয়ান অধিনায়ক কিংসলে চিগোজি মাথা ছোঁয়ান ১-০। মোহামেডান গ্যালারিতে উল্লাস। কিন্তু এই উল্লাস থামিয়ে দেয় অফিস দল বিজেএমসি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফ্রিকিক থেকে গোল করে সমতা আনেন বিজেএমসির উজবেক স্ট্রাইকার উতাবেক ১-১। মোহামেডান কোচ এজন্য তার গোলকিপার ইশতিয়াককে দুষেছেন,‘ওর হাতের সামনে দিয়ে যাচ্ছে চেষ্টাও করেনি।’
এবার ইনজুরি টাইমে মোহামেডান গোল পায়। কায়সার আলী রাব্বীর ক্রসের বল আবার সেই কিংসলে নিখুঁতভাবে মাথা ছোঁয়ান ২-১। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে জয় নিয়ে ক্লাবে ফিরল মোহামেডান।
কিংসলে দারুণ খুশি, তার জোড়া গোলে জয় পেয়েছে মোহামেডান। এই স্ট্রাইকার প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের ফুটবলে খেলছেন। ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিংয়ে খেলেছেন। খুশি কারণ লিগের প্রথম খেলায় দুই গোল করে নিজের নাম গোলদাতাদের উপরে বলে।
শেখ রাসেল জয়ী
g ময়মনসিংহ প্রতিনিধি
শেখ রাসেল ক্রীড়াচক্র গতকাল রবিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে জয়ী সূচনা করেছে।
খেলার তৃতীয় মিনিটে শেখ রাসেল ফরোয়ার্ড আজিজব আলিশরের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের আরামবাগ ভালো খেলেও কোনো গোল করতে পারেনি। এদিনের খেলায় গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল কম। ফলে খেলা তেমনটা জমে ওঠেনি।
