বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত মানেই যেন সমস্যার ঝুড়ি। অন্যায়ের প্রতিবাদ করে নানা সময় বির্তক আর আইনি ঝামেলা পোহালেও প্রতিবাদ করতে কোনো দ্বিধা করেন না এই অভিনেত্রী। আবারো এমনই এক খবরে এলেন কঙ্গনা। রাষ্ট্রদ্রোহ মামলায় থানায় হাজিরা দিতে হলো কঙ্গনা ও তার বোনকে! তবে এবার এমন ঘটনায় বেশ ক্ষেপেছেন তিনি। তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হচ্ছে বলে দাবি করে দেশের মানুষকে তার পাশ দাঁড়ানোর অনুরোধ করেন এই অভিনেত্রী।
কঙ্গনা টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমাকে কেন মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে? আমি দেশের কাছে এর জবাব চাই। আমি সবসময় দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এবার আপনাদের উচিত আমাদের পাশে এসে দাঁড়ান।’ জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রদ্রোহীতার মামলায় কঙ্গনা ও তার বোন রঙ্গলি চান্দেলকে সমন পাঠিয়েছিল মুম্বাই পুলিশ। তিনবার সমন পাওয়ার পরও দুই বোনের কেউই পুলিশের সামনে হাজির হননি। ঘটনার প্রেক্ষিতে ৮ জানুয়ারির মধ্যে কঙ্গনা ও তার বোন রঙ্গলিকে পুলিশের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট।
