ভালোবাসার গল্পে তারা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৮

গত বছরের শেষপ্রান্তে জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নাজমুর রনির নির্দেশনায় ‘মেডেল’ নাটকে অভিনয় করেছিলেন। চলতি বছরের শুরুতেই তারা দু’জন আবারো একই পরিচালকের নির্দেশনায় আরো একটি নাটকের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। নাটকটি রচনা করেছেন সোহেল আরমান; এতে অভিনয়ও করেছেন তিনি। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান নাজমুল রনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রনির নির্দেশনায় গত বছরের শেষপ্রান্তে ‘মেডেল’ শিরোনামে একটি নাটকের কাজ করেছিলাম। সেই নাটকটির গল্পটা বেশ ভালো ছিল। এই নাটকটিও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে। সোহেল আরমান ভাইয়ের লেখা গল্পের প্রতি আমি সবসময়ই কাজ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করি। নাজমুল রনি বিষয়টা বেশ ভালোভাবেই অবগত। যে কারণে সোহেল ভাইয়ের কাছ থেকে অল্প সময়ের মধ্যেই এই স্ক্রিপ্ট নেওয়া। চমত্কার একটি গল্পে আমরা সবাই কাজ করেছি। আমার সহশিল্পী হিসেবে সাবিলা নূর এর আগের নাটকটিতেও অনেক ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ সাবিলা নূর বলেন, ‘এর আগে নাজমুল রনির নির্দেশনায় আমি শুধু ‘মেডেল’ নাটকেই কাজ করেছি। সেই নাটকটি এখনো প্রচারে আসেনি। সত্যি বলতে কি নাজমুল রনি এবং তার পুরো ইউনিট বেশ যত্ন নিয়ে কাজ করেন। যে কারণে আমার মনে হয়েছে দুটো নাটকই বেশ ভালো হয়েছে। আর অপূর্ব ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। তারসঙ্গে খুব বেশি কাজ হয়নি আমার। কিন্তু যেসব নাটকে কাজ করেছি, বলা যায় প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়ে ওঠেছে। আশা করছি এই নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে।’ নাজমুল রনি জানান, আসছে ভালোবাসা দিবসে ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ একটি স্যাটেলাইট চানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সাম্পতিক সময়ে রুবেল হাসান পরিচালিত অপূর্ব ও সাবিরা নূর অভিনীত ‘এক্সচেঞ্জ’ নাটকটিও দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকের গল্প এবং অপূর্ব-সাবিলা নূরের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এদিকে নতুন বছরে অপূর্ব নূসরাত ইমরোজ তিশার উপস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে অপূর্বর সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নূসরাত ফারিয়া। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেছেন অপূর্ব।