নতুন বছরে নতুন মুখ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৮

বলিউডে তার পদচারণা শুরু হয়েছে আরো কয়েক বছর আগেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্ট্রিমিং সাইটে মুক্তিপ্রাপ্ত ‘বামফাদ’ ছবিতেও অভিনয় করেছেন ২৭ বছর বয়সী এই তন্বী অভিনেত্রী। তবে নায়িকা হিসেবে বলিউডে শালিনী পাণ্ডের অভিষেক হতে যাচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের কমেডি ড্রামা ধাঁচের ছবি ‘জয়েসভাই জোরদার’র মাধ্যমে। এ ছবিতে জনপ্রিয় তারকা অভিনেত্রী রণবীর সিং’র বিপরীতে দেখা যাবে শালিনীকে। গত বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে যথাসময়ে মুক্তি পায়নি। নতুন বছরে, অর্থাত্ ২০২১ সালে মুক্তি পাবে ‘জয়েসভাই জোরদার’ ছবিটি। অভিনয়ে একেবারেই আনকোড়া নন শালিনী পাণ্ডে। দক্ষিণী সিনেমায় তার অভিষেক ২০১৭ সালে। রোমান্টিক ড্রামা তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার রূপালি পর্দায় আত্মপ্রকাশ। যে ছবিটি বক্স অফিসে সাফল্যের বিস্ময়কর রেকর্ড সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে বলিউডে সেই ছবির হিন্দি রিমেক ‘কবির সিং’ও ব্যাপক সফলতা পেয়েছে। গত দুই বছরে শালিনী অভিনীত আরো বেশ কয়েকটি তেলেগু ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘মহান্তি’, ‘এনটিআর কাথানায়কুডু’, ‘১১৮’, ‘হানড্রেড পার্সেন্ট কাদাল’, ‘গরিলা’, ‘ইড্ডারি লোকাম ওকাটে’, ‘নিঃশব্দম’ উল্লেখযোগ্য। গত কয়েক বছরে দক্ষিণী চিত্রলোকে কাজ করার অভিজ্ঞতা তাকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। একই সঙ্গে মেধাদীপ্ত অভিনয় এবং গ্ল্যামারাস পর্দা উপস্থিতি শালিনীকে শোবিজেও চাহিদাসম্পন্ন করে তুলেছে। জবলপুরের মেয়ে শালিনীর ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চনাটকে কাজ করার মাধ্যমে। ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা গেছে। সনি টিভি চ্যানেলের ‘মন ম্যায় হ্যায় বিশ্বাস’ এবং ‘ক্রাইম পেট্রোল’ সিরিয়ালে অভিনয় করেছেন শালিনী। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি। গ্রাজুয়েশন কমপ্লিট করেই সিনেমায় অভিনয়ে এসেছেন। বাবা সরকারি কর্মকর্তা, মা গৃহিনী হলেও গানের চর্চা করতেন। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা শেষে ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ে তুলবে। মেয়ের অভিনয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঘোর বিরোধী ছিলেন তিনি। বাবার অমতেই অভিনয়ে এসেছেন শালিনী। শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন এই তরুণী। এক্ষেত্রে অনেকটাই সফলতা অর্জন করেছেন। বলিউডের শীর্ষ পর্যায়ের প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস ইতিমধ্যে শালিনীর সঙ্গে তিনটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে চুক্তি করেছে। চুক্তি মোতাবেক ‘জয়েসভাই জোরদার’ ছবিতে অভিনয়ের পর শালিনী এবার আমির খান তনয় জুনায়েদ খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে। ইয়াশরাজ ফিল্মসের একটি ছবির মাধ্যমে রূপালি পর্দায় জুনায়েদের অভিষেক হবে। ছবিটির সম্ভাব্য নাম ‘মহারাজা’। আর এ ছবিতে জুনায়েদের নায়িকা হচ্ছেন শালিনী পান্ডে। আগামী মাস থেকে নতুন এ ছবির কাজ শুরু হচ্ছে। বলা যায়, এ বছরে বলিউডে অনেকগুলো নতুন মুখের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তাদের মধ্যে শালিনী আপন যোগ্যতায় এগিয়ে আছেন। অনেক আলোচনা ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নবাগতা। সাফল্যের চমক নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন নতুন বছরে এই নতুন মুখ—এমনটিই আমাদের প্রত্যাশা।