লিভারপুলের রোমাঞ্চকর জয়

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২২

শীর্ষ চারের আশা জিইয়ে রাখলো আর্সেনাল

 স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী লিভারপুল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে। এই ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগের চতুর্থ দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মোহামেদ সালাহ।

এদিকে চেলসিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল। জয়যাত্রা অব্যাহত আছে কোচ ওলে গুনার সোলসারের ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়েনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তারা।

৩৪ মিনিটে সফরকারী ফরোয়ার্ড অ্যান্দ্রোস টাউন্সেন্ডের লক্ষ্যভেদে পিছিয়েপড়া লিভারপুল সালাহর গোলে সমতায় ফেরে বিরতির ঠিক পরেই। ৫৪ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় য়ুর্গেন ক্লপের দল। এর মিনিট দশেক পর সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস।

৭৫ মিনিটে সালাহর ব্যক্তিগত দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিক দলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অল রেডদের চতুর্থ গোলটি আসে সাদিও মানের পা থেকে। তবে এর দুই মিনিট পর ম্যাক্স মেয়ারের লক্ষ্যভেদে ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি ক্রিস্টাল। ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এর ফলে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে সাত পয়েন্টে নিয়ে গেছে তারা। তবে গতরাতের ম্যাচে হাডার্সফল্ডের বিপক্ষে সিটি জিতে থাকলে পয়েন্ট ব্যবধান আবার চারে নেমে আসবে।

চতুর্থ দ্রুততম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ায় সালাহর ভূয়সী প্রশংসা করেছেন কোচ য়ুর্গেন ক্লপ। সালাহর এই অর্জনকে ‘বিশেষ খেলোয়াড়ের ব্যতিক্রমী অর্জন’ আখ্যা দিয়ে তিনি বলেন,‘গত কয়েক মাসে কিছু পদক্ষেপ নিয়েছে সে, আমার মনে হয় সে সঠিক পথেই আছে।’

ক্লপ আরও বলেন,‘বাহ, একটা দারুণ অঙ্ক! তার চেয়েও দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়া খেলোয়াড়দের নাম আমি শুনেছি-অ্যালান শিয়েরার, রুড ভ্যান নিস্টেলরয়, অ্যান্ডি কোল... তারাও ভালো স্ট্রাইকার!’

নিজেদের মাঠ এমিরেটসে চেলসির মুখোমুখি হবার আগে বেশ চাপেই ছিল এমেরির আর্সেনাল। তালিকার চারে থাকা চেলসির বিপক্ষে জয় ভিন্ন যে কোনো ফলাফল গানারদের শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্নে বেশ বড়সড় ধাক্কা দিত। কিন্তু প্রথমার্ধে আলেক্সান্দার লাকাজেত এবং লরেন্ত কোশিয়েলনির গোলে সে শঙ্কা উড়িয়ে দেয় এমেরির শিষ্যরা। ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকায় চারে থাকা চেলসির সঙ্গে নিজেদের পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নামিয়ে আনলো আর্সেনাল। ২৩ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে তালিকার পাঁচে অবস্থান করছে তারা।

এদিকে পল পগবা এবং মার্কাস র্যাশফোর্ডের লক্ষ্যভেদে নিজেদের মাঠে ব্রাইটনকে হারিয়েছে ম্যানইউ। এর ফলে ২৩ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়েই রইল তারা।