জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৫ নম্বর আটাপুর ইউনিয়ন সংলগ্ন নিলতাপাড়া স্কুল থেকে মাঝিনা নোহারহাট পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দৃশ্যমান। দীর্ঘদিন ধরে মাটির রাস্তা সংস্কারহীন অবস্থায় পড়ে থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার এমন অবস্থা হয় যে, তা দেখে মনে হয় চাষযোগ্য কোনো জমি! ফলে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। নিলতাপাড়া হাই স্কুল ও উচাই জেরকা হাই স্কুলে যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। একইসঙ্গে এটি বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত ‘বাংলা হিলি’র একমাত্র পথ। সুতরাং গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাসিবুর রহমান
আটাপুর, পাঁচবিবি, জয়পুরহাট
