ছন্দে ফেরার চ্যালেঞ্জে মিরাজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৭

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই বল হাতে সাড়া ফেলেছিলেন। সময় যত গড়িয়েছে, অফস্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের কার্যকারিতা কমে এসেছে! টি-২০ দল থেকে বাদ পড়েছেন, টেস্টে দেশে ও বিদেশের মাটিতে একাদশে ‘অটোমেটিক’ চয়েজের অবস্থান হারিয়েছেন। ওয়ানডেতেও কম্বিনেশন বিবেচনায় সাইড বেঞ্চে থাকতে হচ্ছে মিরাজকে। সার্বিকভাবে জাতীয় দলে তার অবস্থান নড়বড়ে বললে ভুল হবে না।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে বল হাতে ছন্দে ফেরার চ্যালেঞ্জ নিয়েই খেলবেন মিরাজ। যদিও ওয়ানডের চূড়ান্ত দলে থাকবেন কি না বলা কঠিন। তবে সুযোগ পেলে বোলিংয়ে সুদিন ফেরানোর আশায় আছেন এই তরুণ।

উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটা মিরাজের জন্য পরীক্ষার ক্ষেত্রই বটে। খারাপ করলে তিন ফরম্যাটেই জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। মিরাজ সর্বশেষ টি-২০ খেলেছেন ২০১৮ সালে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ইন্দোরে খেলার পর ইডেনে একাদশ থেকে বাদ পড়েছিলেন। পরে নাঈম হাসানের ইনজুরির কারণে বোলিং করেছেন কনকাশন সাব হিসেবে। পরে পাকিস্তানের মাটিতে, দেশে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও একাদশে ছিলেন না ২৩ বছর বয়সি এই অফস্পিনার।

নিজের ক্যারিয়ারের এই কঠিন সময়টা মিরাজ নিজেও উপলব্ধি করতে পেরেছেন। গতকাল অনুশীলনের পর তিনি বলেছেন, ‘দেখেন শেষ তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচ কিন্তু আমি অতটা ভালো করতে পারিনি দেশের মাটিতে বা দেশের বাইরে। তবে আমি যেকটা ম্যাচ খেলেছি, আমার জন্য একটা আলাদা সুবিধা থাকবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং আমি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো করেছি আর দেশের মাটিতে খেলা টেস্ট ওয়ানডে দুটোই। আমার অবশ্যই ভালো অনুভূতি থাকবে যে, না এখানে যদি ভালো করতে পারি, তাহলে নিজেকে ফেরানোর ভালো একটা সুযোগ পাব। এটাই চেষ্টা করব যে, নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য এবং দিনশেষে দল যেন ভালো ফলাফল করে।’

টেস্টে ২২ ম্যাচে ৯০ উইকেট, ওয়ানডেতে ৪১ ম্যাচে ৪০ উইকেট পাওয়া মিরাজকে কার্যত নিজেকে আবারও প্রমাণের চ্যালেঞ্জই থাকবে এই সিরিজে।

আগামী ১৬ জানুয়ারি বাংলাদেশের চূড়ান্ত ওয়ানডে দল ঘোষণা হতে পারে। হোম সিরিজের প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আজ বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু হবে সকাল পৌনে ১০টায়। প্রাথমিক দলের ক্রিকেটাররা দুই ভাগ হয়ে খেলবেন ম্যাচ। ১৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ইনডোরের নেটে ব্যাটিং, বোলিংয়ের আগে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেছেন সবাই।