লিভারপুলকে টপকে শীর্ষে ইউনাইটেড

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯

ফার্গি পরবর্তী যুগে প্রথমবারের মতো নতুন বছরে এসে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করল একসময়ের ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে রেড ডেভিলরা। অন্যদিকে ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

টার্ফ মোর স্টেডিয়ামে স্বাগতিক বার্নলি শুরুটা ভালো করলেও গোলের দেখা পায়নি। ইউনাইটেডও একাধিকবার আক্রমণে গেলেও কোনো গোলের দেখা পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেওয়া পল পগবার শট বার্নলি ডিফেন্ডার ম্যাথ্যু লওটনের পায়ে লেগে জালে জড়ায়। এই গোলই শেষ পর্যন্ত রেড ডেভিলদের তিন পয়েন্ট নিশ্চিত করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৩৬-এ। শেষবার ১৭ ম্যাচ শেষে রেড ডেভিলরা টেবিলের শীর্ষে ছিল ২০১২-১৩ মৌসুমে, যেই মৌসুম তারা শেষ করেছিল চ্যাম্পিয়ন হিসেবে। এবার ওলে গুনার সোলসারের শিষ্যরা তার পুনরাবৃত্তি দেখাতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে সামনের রবিবারই তাদের শীর্ষস্থানকে চ্যালেঞ্জ করতে আসছে লিভারপুল। অ্যানফিল্ডে পগবাদের হারাতে পারলে শীর্ষস্থান আবার পুনরুদ্ধার করে ফেলবে য়ুর্গেন ক্লপের দল।

ওয়ান্দা মেট্রোপলিটানোতে লা লিগার ম্যাচে আনহেল কোরেয়া ও সাউল নিগুয়েজের গোলে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ । এই জয়ের পথে লা লিগায় নিজেদের ১৬তম ম্যাচে ১১তম ক্লিনশিট নিশ্চিত করেছে ইয়ান ওবলাকরা। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ কম খেলে এখন চার পয়েন্টে এগিয়ে আছে ডিয়েগো সিমিওনের দল।