১১ মিনিট দেরিতে খেলা শুরু তাদের শাস্তি কে নির্ধারণ করবে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯

ম্যাচের আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়রা মাঠে নামার লাইনআপে দাঁড়াতে পাঁচ মিনিট দেরি করেছিল। এর জন্য বাফুফের শৃঙ্খলা কমিটি প্রতি মিনিট ৩ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করে। সময় বেঁধে দেওয়া হয় এক মাস। অনিয়ম বলে এতটা সোচ্চার। কাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনিয়ম করল বাফুফের লোকজন।

প্রিমিয়ার লিগ উদ্বোধন করতে গিয়ে বিকাল ৪টার খেলা শুরু করেন ১১ মিনিট দেরিতে। প্রথম দিনেই খেলাটা নির্ধারিত সময়ে শুরু হতে পারল না। রেফারি তার সহকারীদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ম্যাচ কমিশনারও অপেক্ষায় ছিলেন বিকাল ৪টায় বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাবের উদ্বোধনী খেলা শুরু করবেন। কিন্তু লম্বা বক্তৃতায় সময় গড়িয়ে গেল। শ্রুতিমধুর না হলেও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী সাত মিনিট বক্তব্য দিলেন। পাশে দাঁড়ানো বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, লিগ কমিটির কর্মকর্তা আবদুর রহিম, রেফারি কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পৃষ্ঠপোষক ইকবাল বিন আনোয়াররা বিরক্ত হলেও কিছুই করার ছিল না।

প্রধান অতিথি সালাম মুর্শেদী ফটোসেশন করলেন, বেলুন উড়ালেন। এরপর রেফারি জসিম আকতার টস করলেন, বাঁশি বাজালেন। ঘড়ির কাটায় ৪টা ১১ মিনিট। পাঁচ মিনিটের জন্য শেখ জামালকে ১৫ হাজার টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়। যারা ১১ মিনিট দেরি করল, তাদের শাস্তি কে নির্ধারণ করবে।