সুপার লিগ ছাড়াই প্রথম বিভাগ হকি শুরু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২৩

স্পোর্টস রিপোর্টার

দুই বছর পর আবার মাঠে গড়ালো প্রথম বিভাগ হকি লিগ। নিয়ম করা হয়েছিল বিকেএসপির ৪ জন করে খেলোয়াড় নেওয়া যাবে। কিন্তু এবারই প্রথম বিকেএসপি খেলোয়াড়রা প্রথম বিভাগ হকি খেলার সুুযোগ পাননি বলে জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক ইউসুফ আলী। হকি ঢাকা ইউনাইটেড ক্লাবের সম্পাদক খায়রুল বাসার সুমন জানিয়েছেন এবার একাধিক ক্লাব বিকেএসপির খেলোয়াড় নেওয়ার জন্য চেষ্টা করেও অনুমোদন পায়নি।

ক্লাব কর্মকর্তারাও মনে করছেন এ কারণে লিগে খেলোয়াড় সংকট হয়েছে। বিদেশিদের ওপর নির্ভরতা বেড়েছে। এবার দু’জন বিদেশি খেলানোর সুযোগ দেওয়া হয়েছে। প্রায় দলই ভারতীয় খেলোয়াড়দের দিকে হাত বাড়িয়েছে। আরও ক্লাব যোগাযোগ করছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে এবার সুপার লিগ থাকছে না। ১১ দল নিয়ে মাত্র এক রাউন্ড খেলা হবে। ২০ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ৫৫টি ম্যাচ হবে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দিলকুশা স্পোর্টিং ক্লাব, পিডব্লিউডি, শিশু-কিশোর সংঘ শীর্ষ স্থান পাওয়ার লড়াইয়ে নামছে। ব্যাচেলার এসসিও ভালো দল। জাতীয় দলের সাবেক একাধিক খেলোয়াড় আছে  দিলকুশায়। গোলকিপার মাহবব উল্লাহ শাকিল, জাহিদুল ইসলাম রাজন, আসিফ এ নুর।  উত্তরা ক্লাব খেলছে না। এই নামের পরিবর্তে হকি ঢাকা ইউনাইটেড খেলছে।

প্রথম বিভাগ হকি লিগের অপর দলগুলো হলো-ঢাকা রেলওয়ে, ফরাশগঞ্জ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, কম্বাইন্ড এসসি, বর্ণক সমাজ, শান্তিনগর।

এদিকে গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের প্রথম খেলায় পিডব্লিউডি ২-১ গোলে শান্তিনগরকে হারায়। বিজয়ী দলের সাজেদ, পরিমল এবং বিজিত দলের আকাশ গোল করেন। দ্বিতীয় খেলায় দিলকুশা ৪-০ গোলে রেলওয়েকে হারায়। বন্ধন ২, রাজন, লিখন গোল করেন।