স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১০

সাম্প্রদায়িক ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, আমরা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশকে অগ্রসর করার স্বার্থে আপসহীনভাবে দুর্নীতি ও লুটপাট প্রতিরোধ করুন। গতকাল বুধবার বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভায় বক্তারা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত নারী-শিশু, সংখ্যালঘু জনগোষ্ঠী নিপীড়নের ঘটনা। যা করোনার মহাপ্রলয়ের মধ্যেও ঘটে চলেছে। সমাজের সব স্তরে নীতিহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে দেশে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী ধর্ম সভার নামে আমাদের হাজারও বছরের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সাম্প্রদায়িক ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ করুন।

সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, ডা. অসিত বরণ রায়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, কাজী সালমা সুলতানা, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য অলক দাশগুপ্ত প্রমুখ।