রাজধানীর রূপনগর খাল দিয়ে নৌকা চালিয়ে তুরাগ নদে যেতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। খালটির অবৈধ অংশ উদ্ধার করে এই নৌকাভ্রমণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল বুধবার ১১টায় ডিএনসিসির ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে বিস্তৃত রূপনগর খালটি পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র। পরে রূপনগর আবাসিক এলাকার একটি সড়কের ওপর বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। পরে রূপনগর খালের পাড়ে একটি আমগাছের চারা রোপণ করেন।
এ সময় আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রূপনগর খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করা হয়। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশপাশের অংশ সুন্দর করা। খালপাড়ে থাকা সব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আগামী মার্চ থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স অনলাইনে বাসায় বসেই দেওয়া যাবে বলেও জানান তিনি। পরিদর্শন শেষে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। পরে মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের এই অংশে যানজট কমানোর জন্য বাস ডিপোর সীমানাপ্রাচীর ভেঙে সড়ক প্রশস্ত করা হবে বলে তিনি জানান।
