মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না —ডিএমপি কমিশনার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১১

মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। এর মাধ্যমে প্রচুর তথ্য পাওয়া যায়, যা সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গতকাল রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিসেম্বর ২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কর্ম সম্পাদনের পরিপ্রেক্ষিতে পুরস্কৃত করা হয়।