রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বরিশাল গৌরনদী উপজেলা বাগমারা গ্রামের শামসুল হকের মীরের ছেলে সাঈদ খোকন। এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতেন। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।
নিহত সাঈদ খোকনের ভগ্নীপতি মো. ফারুক হোসেন জানান, গত রাতে তিনি যাত্রাবাড়ী মাছ বাজার স্ট্যান্ডে পিকআপ ভ্যান পার্কিং করে বসে ছিলেন। তখন কয়েক জন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য গাড়ির চালকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি করেন। গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ জানান, রাতে অভিযান চালিয়ে ঘাতকসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
