বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওসহ আরো ছয় জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
সরিষাবাড়ী (জামালপুর) :সরিষাবাড়ীতে বুধবার সকালে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ছাইদুল ইসলাম (২০) ও তার ভাতিজা খোকন মিয়ার ছেলে আকাশ (১৪)। মোটরসাইকেলে করে তারা শিমলা বাজার হতে বাড়ি ফিরছিলেন। পপুলার ব্রিজ এলাকায় এলে ঢাকাগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
তারাগঞ্জ (রংপুর) :তারাগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নাইটকোচের সুপারভাইজার রেজাউল করিম মারা গেছেন। বুধবার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খুনিয়ার দোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রেজাউল করিম রংপুরের পীরগঞ্জ উপজেলার জাগি সুটিবাড়ি এলাকার বাসিন্দা। এ সময় নাইটকোচের দুই জন যাত্রী আহত হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, মঙ্গলবার রাতে নাইটকোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকাল সাড়ে ৯টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে কোচের সুপারভাইজার মারা যায়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :সরাইলে ব্যাটারিচালিত অটোরিকশা উলটে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ চার জন আহত হয়েছেন। অন্যরা হলেন ইউএনও আরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকালে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর গ্রামীণ সড়কের মলাইল হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিচ্ছেন।
