জলবায়ুর ঝুঁকি প্রশমনে গোপালগঞ্জে হচ্ছে আন্তর্জাতিকমানের কৃষি গবেষণা কেন্দ্র। পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ২০১৮ সালে গোপালগঞ্জে একটি পূর্ণাঙ্গ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেয়। ইতিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ২০ একর জমি অধিগ্রহণ করে এ গবেষণা কেন্দ্রের ভূমি উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত ২৭ ডিসেম্বর কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কেন্দ্রের ভূমি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এম এম কামরুজ্জামান বলেন, গবেষকদের গবেষণার চাহিদা পূরণের কথা চিন্তা করে গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বেশি প্রভাব পড়তে পারে কৃষি ও কৃষকের ওপর। তাই এর প্রভাব প্রশমনে গবেষণা কার্যক্রমের ওপর জোর দিয়েছি। গোপালগঞ্জে যুগোপযোগী কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন হলে শিক্ষার্থী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের পরিবেশবান্ধব গবেষণায় কাজে আসবে।
