স্পোর্টস রিপোর্টার
বিসিবি একাডেমি মাঠের মাঝের উইকেটে বোলিং করছেন কামরুল ইসলাম রাব্বি। মূলত ইয়র্ককার করার চেষ্টাতেই দেখা গেছে তাকে। পরে বল হাতে আসলেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গী বয়সভিত্তিক পর্যায় থেকে মিরাজের বোলিংয়ের পথ প্রদর্শক কোচ সোহেল ইসলাম। যদিও তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ।
নেটে লম্বা সময় বোলিংয়ের পর মাঝের উইকেটে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলটা ঠিক স্ট্যাম্পের গোড়ায় ফেললেন। পরের বলে রানআপে যাওয়ার আগে মিরাজ এসে কথা বলেন মুস্তাফিজের সঙ্গে। তখনই এক সাংবাদিকদের জিজ্ঞাসায় রাজশাহীর অধিনায়ক বলেছেন, ভাই আমার বোলার তো এই একটাই। তাই কথা বলছি।
পরের বলটাও পারফেক্ট ইয়র্ককার মেরে বের হয়ে গেলেন মুস্তাফিজ।
রাজশাহীর আগে গতকাল সকালে ঐচ্ছিক অনুশীলন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এভিন লুইস ফিরতে পারেন ২২ গজে। খবরটা স্বস্তির যোগান দিয়েছে কুমিল্লা শিবিরে।
কুমিল্লা-রাজশাহী লড়াই দিয়েই আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের তৃতীয় পর্ব শুরু হচ্ছে ঢাকায়। শেষ দিনে রানের মিছিলসহ গত শনিবার সমাপ্ত হয়েছে বিপিএলের সিলেট পর্ব।
কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে প্রতিশোধ নিতে চায় রাজশাহী। চলতি আসরে দু’দলের প্রথম সাক্ষাতে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছিল কুমিল্লা। আজ সেই হারের শোধ নিতে মরিয়া রাজশাহী। দলটির অভিজ্ঞ ক্রিকেটার মার্শাল আইয়ুব গতকাল অনুশীলন শেষে স্পষ্ট করে বলেছেন, ‘টুর্নামেন্টের একটা টপ টিমকে আপনি যখন হারাবেন তখন আপনার টিমের চেহারাই অন্যরকম থাকে। সেটা আমাদের ভেতরেও আছে। পরের ম্যাচ বড় টিম কুমিল্লার বিপক্ষে, ঠিক আছে, কিন্তু মাঠে দেখা যাবে কি অবস্থা। অবশ্যই আমরা লড়াই করব, ওদের সাথে একটা ম্যাচে হেরেছি আমরা, এটা আমাদের মূল টার্গেট থাকবে প্রতিশোধ নেওয়া।’
সিলেট পর্ব শেষে দুই দলই ভালো অবস্থানে আছে। নিজেদের শেষ ম্যাচে জিতেছে দুটি দলই। রাজশাহী হারিয়েছে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে। আর খুলনার ১৮১ রান তাড়া করে জিতেছিল কুমিল্লা। তবে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে ইমরুল কায়েসের দল। ছয় ম্যাচের চারটি জিতেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে রাজশাহীর জয় তিনটি। শেষ চারে যেতে তাই রাজশাহীকে অবশিষ্ট ছয় ম্যাচের অন্তত তিনটি জিততেই হবে।
রাজশাহীর বিপক্ষে নিজের দলকেই এগিয়ে রাখছেন কুমিল্লার অলরাউন্ডার জিয়াউর রহমান। গতকাল অনুশীলন শেষে আজকের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আমি আশাকরি আমরা অনেক এগিয়ে আছি। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে। আমাদের টিম আমি মনেকরি এগিয়ে আছে।’
তবে রাজশাহী যেমন বল হাতে মুস্তাফিজকেই বড় ভরসা মানছে। তেমনি নিজেদের সামনে বড় বাধা হিসেবে এই বাঁহাতি পেসারের দিকেই দৃষ্টি কুমিল্লার। জিয়াউর রহমানের আশা, কুমিল্লার ইনফর্ম ব্যাটসম্যানরা কাটার মাস্টারকে ভালোভাবে সামলাবে।
তিনি বলেছেন, ‘মুস্তাফিজ খুবই ভালো বোলার। আমাদের ব্যাটসম্যানরা সবাই কিন্তু ফর্মে আছে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আশাকরি মুস্তাফিজকে খুব ভালোভাবে সামাল দিবে।’
আজকের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠা এভিন লুইসকে পাওয়ার আশায় আছে কুমিল্লা। জিয়াউর বলেছেন, ‘আশাকরি লুইস আবার ফিট হয়েছে। এখন ভালো পজিশনে আছে।’
