চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির জওয়ানরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা হতে নয়টি স্বর্ণের বার (৯০ ভরি) উদ্ধার করেছে। ৬ বিজিবির অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করতে পারে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ বাঁশবাগান নামক স্থান থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা। বুধবার সকালে উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে এবং ৬ বিজিবির সুবেদার মো. শহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
