সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১৯

করোনা ও ডেঙ্গু সচেতনতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি করোনা ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে লাইফ স্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন।

নলডাঙ্গা পৌরসভা নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি নলডাঙ্গা পৌরসভার আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী ১১০ নির্বাচনি কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পর্যায়ক্রমে দুই দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম এবং নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। জেলা নির্বাচন কর্মকর্তা ও নলডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম জানান, বৃহস্পতিবার মক ভোটিং কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা শুরু

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিবিষয়ক ১০ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদারের উদ্যোগে বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মসূচিতে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা তুলে ধরা হয়। এ সময় ইংরেজির সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হোসেন, জীববিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক রেহেনা আলীম বক্তব্য রাখেন।

কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা নিয়ে প্রস্তুতি সভা

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও সদরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।

তথ্যপ্রযুক্তিবিষয়ক উঠান বৈঠক

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা উপজেলায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে ডিমলা তথ্যকেন্দ্রের আয়োজনে মহিলাদের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাল্যবিবাহের কুফল ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম, তথ্য আপা. উপজেলা সমন্বয়কারী নুর এ জান্নাত তমা প্রমুখ।

খাদ্যে নিরাপদতা শীর্ষক সেমিনার

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরে খাদ্যে নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল প্রমুখ।

নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্পন্ন

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বুধবার যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক তিন দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। উপজেলা পরিষদ আয়োজিত এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহায়তায় উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।