রাজধানীর গুলশানের সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে এসির কম্প্রেসার বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছে। গুলশান-২-এর ৯৩ নম্বর রোডে এমপোরি ফাইনানশিয়াল সেন্টার নামের ঐ বহুতল ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়। এই ভবনটিতে এনসিসি ব্যাংকের বারিধারা শাখা অফিসও রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে এসির কম্প্রেসার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে তারা জেনেছেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বেলা দেড়টার দিকে ঐ ভবনে হঠাত্ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও ডাকা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে এক জন মারা গেছেন। আরো ছয় জন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আজিজুল হক। বয়স ৩০-এর বেশি। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন তিনি।
বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ভবনের নিচতলার কাচ ভেঙে গেছে এবং লোহার গ্রিল দুমড়েমুচড়ে ছিঁড়ে গেছে। বিস্ফোরণের পর ঐ ভবনের সামনে কৌতূহলী জনতার ভিড় জমে। পুলিশ সাময়িকভাবে সেখান দিয়ে চলাচল বন্ধ করে দেয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি গাড়ি সেখানে গেছে। তবে বিস্ফোরণে কারণ জানতে তারা তদন্ত শুরু করেছেন।
