সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, নির্বাচনে গণ্ডগোল হলে প্রথম দায় ওবায়দুল কাদেরের, দ্বিতীয় দায় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার অনেক দৃষ্টান্ত আছে শেখ হাসিনার। তবে শেখ হাসিনা ভাতের অধিকার নিশ্চিত করেছেন, কিন্তু ভোটের অধিকার নিশ্চিত হয়নি। এটা নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে কর্মিসভায় তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য স্বাধীনতা, ভাতের অধিকার ও ভোটের অধিকার ফিরেয়ে এনেছেন। ভোটাধিকার হরণ শুরু হয়েছে জিয়াউর রহমানের আমল থেকে। পরে খালেদা জিয়া মাগুরা উপনির্বাচনসহ অনেক নির্বাচনে অনিয়ম করেছেন।
তিনি আরো বলেন, ‘আমি ভোটের পর নেত্রীর সাথে দেখা করতে যাব। করোনার কারণে না পারলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে গিয়ে মানববন্ধন করব। আমি আবারও বলছি, বৃহত্তর নোয়াখালীতে ১৩টি আসনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ তিন-চারটা আসন পাবে। অন্য আসনগুলোতে প্রার্থীরা দরজা খুলে পালানোর পথ খুঁজে পাবে না। আমি এ কথাগুলো বলছি তাদের সংশোধন হওয়ার জন্য। সংশোধন না হলে আগামী নির্বাচনে আমাদের বড় ধরনের খেসারত দিতে হবে।’
