প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে ইভিএম পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই। এজন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, পৌরসভা নির্বাচন কেমন হবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করে জেনেছি নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে। কোথাও কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। এখানে প্রার্থীদের মধ্যে সহযোগিতা আছে। তাদের আচরণে এবং ব্যবহারে নির্বাচন পরিচালনাকারীরাও সন্তুষ্ট। ইভিএম পদ্ধতিতে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে জানিয়ে নূরুল হুদা বলেন, আগামী ১৬ জানুয়ারি সাভারসহ সারা দেশের ৬১টি পৌরসভার নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ইতিমধ্যে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে। ইভিএম পদ্ধতিতে এখন পর্যন্ত যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ নেই। অন্যদিকে নির্বাচনের সময় বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞাসহ অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মো. আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।
