গুদামে দীর্ঘদিন পণ্য মজুত রেখে দামে কারসাজি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৭

আমদানি করা ভোগ্যপণ্য গুদামে মজুতের সরকারি আদেশ মানা হচ্ছে না। তদারকি না থাকায় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পণ্য মজুত রেখে বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ নিচ্ছেন। করছেন অতিরিক্ত মুনাফা।

পণ্যের মান বজায় রাখতে এক পর্যায়ে গুদামে মজুত পণ্যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভোগ্যপণ্য মজুত রাখার একটি সরকারি আদেশ রয়েছে। কিন্তু জনবল সংকটের কারণে সেই আদেশ পালন       হচ্ছে কি না, তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ওয়ান ইলেভেনের সময় তত্কালীন সরকার আমদানিকৃত পণ্য তিন মাস পর্যন্ত গুদামে মজুত রাখার বিধান করে একটি নীতিমালা তৈরি করেছিল। কিন্তু পরে আর এই নীতিমালা কার্যকর হয়নি। চাল, ডাল, ভোজ্য তেল, মসলা, চিনি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুত করে কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে। দেখা যায়, গুদামে হাজার হাজার টন পণ্য মজুত রয়েছে; কিন্তু বাজারে সেই পণ্যেরই সৃষ্টি করা হয় তীব্র সংকট। 

এখন সয়াবিন ও পাম অয়েলের উত্পাদন মৌসুম নয়। মার্চ ও এপ্রিলের দিকে এসব তেল উত্পাদন মৌসুম শুরু হবে। কিন্তু বাজার সংশ্লিষ্টরা জানান, পাইকারি বাজারে এখন ৭/৮ মাস আগের কেনা ভোজ্য তেল চড়া দামে বিক্রি হচ্ছে। মিল মালিক, ডিও ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, মধ্যস্বত্বভোগী সবাই কম দামে কেনা ভোজ্য তেল দাম বাড়িয়ে মুনাফা করছে। জানা গেছে, এখন ডিমও হিমায়িত সংরক্ষণাগারে মজুত করে মাঝে মধ্যে দাম বাড়ানো হয়ে থাকে। কুমিল্লা ও ফেনী এলাকায় ডিম মজুতের একাধিক হিমায়িত সংরক্ষণাগার রয়েছে।

চট্টগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে প্রায় তিন শতাধিক গুদাম রয়েছে। এছাড়া দেশের বৃহত্ শিল্প গ্রুপগুলো নিজ উদ্যোগে পণ্য মজুতের গুদাম নির্মাণ করেছে। মাঝারি আমদানিকারকরা বাণিজ্যিক গুদামে পণ্য রাখলেও শিল্প গ্রুপগুলো তাদের নিজস্ব গুদামে পণ্য মজুত করছে। ফলে পণ্য মজুতের সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

চট্টগ্রামে গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার ও কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ ইত্তেফাককে বলেন, পণ্য গুদামে মজুতের সরকারিভাবে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তবে ভোগ্যপণ্য পাঁচ-ছয় মাসের বেশি রাখা উচিত নয়। গম, চাল, ছোলা ডাল জাতীয় পণ্যে এক পর্যায়ে পোকা এসে যায়। সরকারি গুদামে ফাঁক ফাঁক করে পণ্য রাখা হয়। আমরা সেভাবে নিয়ম মেনে পণ্য রাখতে গেলে গুদাম ভাড়া বেশি পড়বে।