ব্যবসা-বাণিজ্যের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান বেশ আশাব্যঞ্জক উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ক্রমান্বয়ে বাড়ছে। পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে স্বাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।
এ সময় ডিসিসিআই সভাপতি বাংলাদেশের কৃষি ও সমুদ্র অর্থনীতি—এই দুই খাতে বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেন। একই সঙ্গে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা অপসারণ এবং উভয় দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ডিসিসিআই সভাপতি বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তিতে সব বিধিনিষেধ তুলে দিয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এর ফলে উভয় দেশের উদ্যোক্তাদের ব্যাবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হবে।
পাকিস্তানের হাইকমিশনার উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণে গঠিত ‘যৌথ অর্থনৈতিক কমিশন’ ফের সক্রিয় করার প্রস্তাব দেন। এছাড়া সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, করাচি ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি পণ্য পরিবহন কার্যক্রম দ্রুত চালু করা এবং দেশটির ফ্যাশন শিল্পে বাংলাদেশকে বিনিয়োগেরও আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ডিসিসিআইর সিনিয়র সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পাকিস্তান দূতাবাসের কমার্শিয়াল সেক্রেটারি মোহাম্মদ সুলেমান খান প্রমুখ।
