পাহাড়তলী ওয়ার্ডে মানবেতর জীবন বস্তিবাসীর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৮

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচারণা চলছে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। ওয়ার্ডের জনসংখ্যা ১ লাখের বেশি। ভোটার সংখ্যা ৫৮ হাজার। এলাকায় অনেকগুলো বস্তি রয়েছে। কিন্তু দরিদ্র বস্তিবাসী পর্যাপ্ত বিশুদ্ধ পানি পায় না। সরকারি স্বাস্থ্যসেবা নিয়েও বস্তির বাসিন্দাদের মধ্যে নানা অভিযোগ রয়েছে। বস্তিবাসী অনেক শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায় না। পরিবারের আর্থিক সচ্ছলতা আনার জন্য তারা কাজে নেমে পড়েছে। বস্তিবাসীর মধ্যে কেউ কেউ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এক শিক্ষক অভিযোগ করেন, এলাকায় কিশোর ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত। পুলিশ মাদক ব্যবসায়ীদের নাম-পরিচয় জানলেও তাদের গ্রেফতার করে না। 

গতকাল মঙ্গলবার সরেজমিনে পাহাড়তলী ওয়ার্ড ঘুরে বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকার রাস্তাঘাটসহ অনেক উন্নয়ন হয়েছে। কিছু উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু এখনো কয়েকটি রাস্তা বেশ সরু। পশ্চিম খুলশী মুরগির ফার্ম এলাকার রাস্তায় দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। কিছু এলাকায় পানির অভাব আছে। বেশ কিছুদিন ধরে মশার উপদ্রব বাড়লেও মশক নিধনে সিটি করপোরেশন কোনো উদ্যোগ নেয়নি।