সালথা থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৮

সালথায় পুলিশের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ ওঠায় প্রত্যাহার করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহেক। গতকাল বুধবার তাকে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, গত মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। ঐ প্রতিবেদনে ওসির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। তার পরেও স্থানীয় সামাজিক পরিবেশ ও পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত শনিবার পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ এনে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। একই দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধারা।