বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এই সরকার চুরি এবং লুটপাট করে দেশে একটি ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করেছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উত্সব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কোভিড-১৯-এর মতো এই ভয়াবহ মহামারিতেও তারা লুটপাট বন্ধ করেননি। ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাটের নতুন ব্যবস্থা করা হচ্ছে। যেখানে ভারত প্রতি ডোজ ভ্যাকসিন বিক্রি করছে ২ টাকা ৪০ পয়সা, সেখানে এ দেশে বিক্রি হবে ৫ টাকা করে। এই চুরির টাকা সব আপনারা নিয়ে যাবেন।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চালছে। সেই চক্রান্তের ধারাবাহিকতায় বেগম জিয়া কারাবন্দি আছেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া জারি করে তাকে নির্বাসিত রাখা হয়েছে। বিএনপির যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সস্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য দেন।
