পম্পেওর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০০:৩৫

বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পম্পেওর সম্প্রতি করা এক মন্তব্যের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পম্পেও বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং তিনি মনে করছেন যে, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। একজন নেতৃস্থানীয় নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ওয়াশিংটন প্রেসক্লাবে এক বক্তৃতায় পম্পেও উল্লিখিত মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বাংলাদেশে আল-কায়েদার অবস্থান সম্পর্কে কোনো প্রমাণ নেই। যদি এ ধরনের বক্তব্য প্রমাণসহ উপস্থাপন করা হয়, তাহলে বাংলাদেশ সরকার আনন্দের সঙ্গে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে, যদি কোনো ধারণার ওপর ভিত্তি করে এ মন্তব্য করা হয়, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক হবে। বিশেষ করে, যখন দুই দেশের সম্পর্ক, মূল্যবোধ, শান্তি ও উভয়ের জন্য প্রযোজ্য লক্ষ্যের ওপর ভিত্তি আরো বৃদ্ধি পাচ্ছে।

সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতি বাংলাদেশ জিরো টলারেন্স মনোভাব পোষণ করে এবং এটি প্রতিরোধের জন্য সব ধরনের উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।