রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, সংঘর্ষ, গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচ্ছিন্নভাবে এ সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহিদের পথসভা ছিল। এ সময় শহিদের নির্বাচনি ক্যাম্পে হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মোক্তার আলীর সমর্থকরা। অন্যদিকে মোক্তার আলীর দাবি, শহিদের সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল র্যালিতে হামলা চালানো হয়। এ নিয়ে উভয় পক্ষে ধাওয়া-পালটাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটানস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তিনি বলেন, আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহীদুজ্জামান শহিদ। অন্যদিকে বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র মোক্তার আলী। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হয়েছেন তোজাম্মেল হক।
