গাজীপুরে গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেফতার ৪

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০০:৪৬

গাজীপুরে গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার সকালে মেট্রোপলিন টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ১০টি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার চানপাড়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও তার স্ত্রী শারমিন আক্তার, কাশিমপুর থানার গবিন্দ্রবাড়ী এলাকার আবুল হাসেমের ছেলে রাসেল মিয়া ও সারদাগঞ্জ এলাকার নুর মিয়ার ছেলে মিয়া হাফিজুর ইসলাম।

র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৫ ডিসেম্বর গাজীপুর নগরীর কাশিমপুর চক্রবর্তী এলাকা থেকে গার্মেন্টস কর্মকর্তা রুহুল আমিন (৪৫) অপহূত হন। অপহরণকারীরা ভিকটিমকে অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত বাগানের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড মারধর করে। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে কল করে ভিকটিমের পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানায়। পরে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে ভিকটিমকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। পরবর্তীকালে ভিকটিমের পরিবার তিনটি বিকাশ নাম্বারের মাধ্যমে অপহরণকারীদেরকে ১ লাখ টাকা পাঠায়।

একপর্যায়ে গত ১১ জানুয়ারি ভিকটিমের পরিবার র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে এসে অভিযোগের মাধ্যমে বিষয়টি জানিয়ে আইনগত সাহায্য কামনা করে। পরে র্যাব ক্যাম্প ছায়া তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে হোতাসহ চার জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।