খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্র চালু রাখা হোক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:২৮

খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরের বড় আয়তনের স্কুলগুলোর মধ্যে অন্যতম। এই স্কুলে একসঙ্গে কয়েক হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে। স্কুলটির অবস্থানও চমত্কার। চারদিকে সংযোগ সড়কসহ মালিবাগ-সায়েদাবাদ জনপথের পাশেই এর অবস্থানের কারণে পরীক্ষার্থীরা নির্ঞ্ঝাটভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষার আগে যানজটে নাকাল হতে হয় না। অথচ আশ্চর্যের বিষয়, আমরা জানতে পারলাম—২০১৯ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে এই স্কুলকে বাদ দেওয়া হয়েছে। ফলে কয়েক হাজার পরীক্ষার্থীকে ঘিঞ্জি এলাকার কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। এ অবস্থায়, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র চালু রাখার জন্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. রশিদ আনসারী

রেলওয়ে কলোনি, মতিঝিল, ঢাকা