প্রকৃতি

রং বদলায় যে ফুল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩১

স্থলপদ্ম। রং বদলানো স্বভাবের এ ফুল যখন ফোটে তখন থাকে এক রং, সময় একটু গড়ালেই আগের রংটা বদলে যেতে থাকে। একই গাছে দু রঙের ফুল দেখে অবাক হন অনেকে। নামই বলে দেয়—এই পদ্ম পানিতে হয় না। স্থলের ভারি সুন্দর গাছ। রং বদলানোর অভ্যাস আছে বলেই ইংরেজিতে বলা হয় ‘চেঞ্জেবল রোজ’। তাজা আর বাসি এই ফুলের রং আলাদা। শুধু স্থলপদ্মই নয়—ব্রুনফেলসিয়া, মধুমঞ্জরি, মর্নিংগেগ্নারি, পরশপিপুল ইত্যাদি ফুলও রং বদলায়।

ডাল পুঁতে দিলেই এ গাছ জন্মে। বছরে একবার পাতা ঝরায়। সাধারণত তিন থেকে চার মিটার উঁচু এ গাছের পাতাগুলো বড় বড়, কিনারে থাকে কয়েকটি খাঁজ। বোঁটা বেশ লম্বা। ফুল ৪ থেকে ১০ সেন্টিমিটার চওড়া। অনেকগুলো পাপড়ি থাকে। ফুলের রং গাঢ় গোলাপি বা ঈষত্ গোলাপি। দেখতে দুধে আলতা মেশানো রঙের মতো। কোথাও কোথাও পাঁচ পাপড়ির একক ফুলও দেখা যায়। হালকা সুগন্ধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি থেকে লালচে রং ধারণ করে। সারা বছরই দু-একটি ফুল ফোটে। ফুল ফোটে ডালের আগায়। এ ফুলের গঠন, পাতার গঠন প্রায় পদ্মফুলের মতো।

রেদোয়ান হোসেন