রাজা ও মৌমাছি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

একদিন বাদশাহ সোলেমান সিংহাসনে বসে রয়েছেন। সভাসদরা চারপাশে দাঁড়িয়ে রয়েছে।

এমন সময় হঠাত্ দরজা সটান খুলে গেল এবং শেবার রানি দরবারে ঢুকলেন।

রানি বললেন, ‘হে বাদশাহ, বহুদূরে আমার নিজ রাজ্যেও আমি আপনার অপরিসীম ক্ষমতা এবং গভীর জ্ঞানের কথা কিছু শুনেছি। লোকে বলে এমন কোনো ধাঁধা নেই, যার সমাধান আপনি করতে পারেন না। একথাটা কি সত্য?’

বাদশাহ সোলেমান উত্তর দিলেন, ‘আপনি যা শুনেছেন, তা সত্য।’

‘তাহলে আমি এখন একটা ধাঁধা আপনাকে দেখাচ্ছি, যা দিয়ে আপনার জ্ঞানের পরীক্ষা হবে। বলুন দেখাব কি ধাঁধাটা?’

‘অবশ্যই দেখান, হে শেবার রানি।’

একথার পর রানি দু হাতে দুটো ফুলের মালা তুলে ধরলেন। মালাদুটো দেখতে অবিকল একই রকম। বাদশাহ এগুলোর মধ্যে কোনো তফাত দেখতে পেলেন না।

রানি বললেন, ‘এই দুটো মালার মধ্যে একটা আপনার বাগানের ফুল তুলে গাঁথা হয়েছে। অন্য মালাটি কৃত্রিম ফুলের, একজন কুশলী শিল্পী আসল মালাটির মতোই এটা বানিয়েছে। এখন বলুন, হে বাদশাহ, কোনটা আসল আর কোনটা নকল?’

বাদশাহ তাত্ক্ষণিকভাবে একটু ধাঁধায় পড়ে গেলেন। তিনি চিবুক চুলকাতে চুলকাতে মালাগুলো বিভিন্ন দিক থেকে নিরীক্ষণ করলেন। ভ্রুঁ কুঁচকে, তারপর ঠোঁট কামড়ে ধরলেন।

রানি আবার জিজ্ঞেস করলেন, ‘বলুন কোনটা আসল?’ বাদশাহ তবুও কোনো উত্তর দিতে পারলেন না।

রানি বললেন, ‘শুনেছি আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তাই এই সহজ ব্যাপারটা আপনাকে অবশ্যই বিভ্রান্ত করতে পারে না।’

একটু অস্বস্তি নিয়ে বাদশাহ তাঁর সোনার সিংহাসনে নড়েচড়ে বসলেন। দরবারে উপস্থিত সকলেই মাথা নাড়তে লাগলেন।

রানি আবার বললেন, ‘ফুলগুলো একটু ভালো করে লক্ষ করুন আর আমার প্রশ্নের জবাব দিন।’

ঠিক তখনই বাদশাহের একটা কথা মনে পড়ল। তার মনে পড়ল যে, দরবারের জানালার পাশেই সুন্দর সুন্দর ফুলসহ একটা আঙ্গুরলতা গজিয়ে উঠেছে। মনে পড়ল যে, তিনি দেখেছেন অনেক মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু আহরণ করছে।

তিনি বললেন, ‘ঐ জানালাটা খুলে দাও!’

সঙ্গে সঙ্গে জানালাটা খুলে দেওয়া হলো। রানি জানালার খুব কাছে মালাদুটো হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। সবাই সেদিকে তাকাল দেখার জন্য যে, বাদশাহ কেন জানালা খুলে দিতে বললেন। পরমুহূর্তেই দুটো মৌমাছি গুনগুন করতে করতে ভেতরে ঢুকল। এরপর এক এক করে আরো অনেক মৌমাছি ঢুকল। সমস্ত মৌমাছি রানির ডানহাতে ধরা ফুলের মালাটির দিকে উড়ে গেল। একটিও তার বামহাতের দিকে গেল না।

তারপর বাদশাহ সোলেমান বললেন, ‘হে, শেবার রানি, মৌমাছিরাই আপনাকে আমার উত্তর জানিয়েছে।’

তখন রানিও বললেন, ‘আপনি সত্যি জ্ঞানী, হে মহান বাদশাহ সোলেমান। ছোট ছোট জিনিস থেকে আপনি জ্ঞান আহরণ করেন, যা সাধারণ মানুষ এড়িয়ে যায়।’

বাদশাহ সোলেমান তিন হাজার বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তাঁর গভীর জ্ঞানের কথা সর্বজনবিদিত।