মধুরিমা মায়াজাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

সে রাতে দিশাহীন দিওয়ালি ছিল।

তোমার আব্রুর সুরক্ষায় আমি ছিলাম

বিনিদ্র দারোয়ান—নিরস্ত্র, নির্লিপ্ত।

 

সে রাতে অভেদ্য অন্ধকার ছিল।

তোমার হাসির আলোয় দুলেছিল

রমণীয় রাজপথ, চতুর্দোলা চত্বর।

 

সে রাতে নিরবশেষ নির্জনতা ছিল।

চার পায়ের যুগপত্ বিচরণে

জমেছিল লাল চা-দুধ চা কাটাকাটি।

 

সে রাতে মধুরিমা মায়াজাল ছিল।

অঘোষিত আবেগের অদেখা

আশ্লেষ হেরেছিল হীরামন পুকুরে।

 

দীপ-ধূপের কানামাছি, বাঘবন্দিতে

জিতেছিল কে? তুমি? না আমি?

এ জবাব অব্যক্তই থাকুক।

এ উত্তর অজ্ঞাতই থাকুক।

কেবল বেঁচে থাকুক মধুরিমা মায়াজাল।