ডিম আগে না কাইলি আগে!

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৩২

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

বিশ্বখ্যাত মার্কিন মডেল ও অভিনেত্রী কাইলি জেনারের হূদয় ভেঙে দিয়েছে একটি ডিম! ঠাট্টা নয়, সত্যি। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া ব্যক্তি ছিলেন কাইলি। কিন্তু অবিশ্বাস্যভাবে তার এই রেকর্ডকে অতীতের পাতায় ঠেলে দিয়েছে ওই ডিম। কারণ, ডিমটি লাইক পাওয়ার তালিকায় কাইলিকে দ্বিতীয় স্থানে ঠেলে তার স্থান দখল করে নিয়েছে। যে জনপ্রিয়তা নিয়ে গর্ববোধ করতেন কাইলি সেই জনপ্রিয়তাকে তাসের ঘরের মতো ভেঙে দিল এটি।

কাইলি জেনার তার মেয়ে স্টোমির আঙুল ধরা একটি ছবি পোস্ট করার পর তাতে ১৮ মিলিয়ন লাইক পেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। তবে সমপ্রতি ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ডিমের ছবি পোস্ট করা হয়। আর কয়েক দিনের মধ্যেই সেই ছবিতে লাইকের সংখ্যা ১৮ মিলিয়ন টপকে যায়। তাই বিনোদন দুনিয়ায় ডিম নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

প্রশ্ন উঠতে পারে কিভাবে ডিমের পক্ষে সম্ভব হলো ১৮ মিলিয়ন লাইকের রেকর্ড ভাঙা। অথচ এটি ছিল খুব সাধারণ একটি ছবি। সাদা ব্যাকগ্রাউন্ডে হাই রেজুলেশনের বাদামি রঙের একটি ডিম। কেউ একজন স্রেফ মজা করে অথবা কাইলিকে বিদ্রূপ করে ডিমটি পোস্ট করে আহ্বান জানান, সবাই যেন ডিমটিতে লাইক দিয়ে কাইলির রেকর্ড ভেঙে দেন। এই ডাকে সাড়া দিয়ে কাইলির দর্প চূর্ণ করতে ছবিটিকে লাইক বন্যায় ভাসিয়ে দেয় লাখ লাখ মানুষ। একপর্যায় তা কোটি ছাড়িয়ে গিয়ে কাইলিকে পেছনে ফেলে দেয়। ডিমের ছবিতে প্রতি ঘণ্টায় গড়ে দশ লাখ লাইক পড়েছে।

রহস্যময় এই ডিমের অ্যাকাউন্টের মালিকের সঙ্গে পাশ্চাত্যের সাংবাদিকরা যোগাযোগ করার পরে জানতে পারেন ইনস্টাগ্রামের এই অ্যাকাউন্টটি ‘হেনরিটা’ নামের একটি মুরগির! আর ছবিটি সেই হেনরিটার ডিমের! মুরগির মতো তিনি ডিমেরও নাম দিয়েছেন, ইউগিন। তার মুরগি নাকি পৃথিবীর মানুষের কাছে ডিমের শক্তি প্রমাণ করতে চেয়েছিল।

তবে কাইলি জেনার তার রেকর্ড ভেঙে যাওয়ায় রাগ ক্ষোভ প্রকাশের পরিবর্তে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে গরম পিচের রাস্তায় ডিম ভেঙে পোচ করছেন তিনি। ছয় দিনে সেই ভিডিওটি দেখেছেন প্রায় ৪ কোটি লোক।

মার্কিন মডেল কাইলি গত বছর ‘ফোর্বস’ সাময়িকীর সর্বোচ্চ উপার্জনকারী তারকার তালিকায় নাম লিখিয়েছেন। ‘ভ্যারাইটি’ সাময়িকীর প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় থাকা কাইলি ইনস্টাগ্রাম থেকে আয়ের বিবেচনায় সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্য আছেন। ইনস্টাগ্রামে কাইলি প্রতিটি পোস্ট দেওয়ার জন্য আয় করেন ১ লাখ মার্কিন ডলার (প্রায় ৮৪ লাখ টাকা)।

 

 

০