‘৫৭০ ছবিটি আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:৩৮

দেশীয় চলচ্চিত্রে একের পর এক সফল ছবি উপহার দিয়ে দর্শকহূদয়ে স্থান করে নিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। চলচ্চিত্রে নিজেকে মেলে ধরেছেন নিজের প্রতিভা আর অভিনয় মুন্সিয়ানায়। পরিচালক-প্রযোজক থেকে শুরু করে দর্শকদের ভরসার জায়গাটি এরইমধ্যে দখলে নিয়েছেন। নতুন বছরে ভিন্নভাবে দর্শকের সামনে আসছেন বেশ কয়েকটি ছবি নিয়ে। এই প্রসঙ্গের পাশাপাশি ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন

এ এম রুবেল

কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গল্প নির্ভর চলচ্চিত্রের দিকে মনোযোগ দিচ্ছেন। এর কারণ কী?

 দেখুন, সব ছবিই গল্প নির্ভর। একটি গল্প নিয়েই ছবি নির্মিত হয়। বলতে পারেন এগুলোতে অ্যাকশন নেই, একটু কনসেপ্টচুয়াল কাজ। এখন যেভাবে ট্রেন্ডটা যাচ্ছে আমিও সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ওটিটি প্লাটফর্মে চলচ্চিত্র মুক্তির প্রচলন শুরু হয়েছে। এটা কতটা ইতিবাচক বলে মনে করেন?

এটা অবশ্যই ইতিবাচক একটা দিক। যদিও আমাদের দেশের দর্শকরা ওটিটি প্লাটফর্মের সঙ্গে ততটা পরিচিত নয়। তবে তারা যদি এই প্লাটফর্মটা গ্রহণ করেন তাহলে আমাদের চলচ্চিত্রের একটা ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি হবে। দিনশেষে আমরা সবাই ব্যবসার চিন্তাটাই করি। তবে এটাও সত্য যে আগে হল বাঁচাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় ছবিটি আগে হলে মুক্তি দিয়ে পরে ওটিটিতে দিতে হবে। এতে করে দর্শকদেরও হলের সঙ্গে সংযোগ থাকবে, পাশপাশি যারা হলবিমুখ হয়েছেন তারাও ঘরে বসে ছবিটি দেখতে পারবেন।

এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন ছিল?

অপু বিশ্বাস অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েই আজকের এই অবস্থানে এসেছেন। তিনি নিঃসন্দেহে খুবই ভালো একজন অভিনেত্রী। কাজের ক্ষেত্রে তিনি খুবই প্রফেশনাল। পরপর তার সঙ্গে দুটি ছবিতে কাজ করলাম। তার সঙ্গে বোঝাপড়াটাও দারুণ ছিল।

শাকিব-অপুর মতো বাপ্পী-অপু জুটিকেও দর্শকরা গ্রহণ করবে বলে মনে করেন?

আমার মনে হয় নিশ্চয় দর্শকরা আমাদের গ্রহণ করবেন। শ্বশুরবাড়ি জিন্দা-২ ছবিটি অনেক ভালো গল্পে সুন্দর একটি কাজ হয়েছে। ছবিটির কাজ শুরুর সময় কিন্তু দর্শক প্রতিক্রিয়া ভালো পেয়েছি। যদি ঠিক সময় রিলিজ হতো তাহলে ভালো একটা সাড়া পেতাম। তবে ছবিটি মুক্তি পেলে অবশ্যই দর্শকরা ভালোবেসে গ্রহণ করবেন এটা বিশ্বাস করি।

আমাদের ইন্ডাস্ট্রি নানা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। মুখে অনেকে সমাধানের কথা বললেও কোনো সংগঠন বা ব্যক্তিকে পদক্ষেপ নিতে দেখা যায় না। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে কী? এ বিষয়ে আপনার মন্তব্য কী? 

আমরা আসলে কাজ করি কম, কথা বলি বেশি। তাছাড়া আমাদের দর্শকদের হলে আসার প্রবণতাও অনেকটা কমে গেছে। তাদের ফেরানোর চেষ্টা করেছি বা করে যাচ্ছি। আর মানহীন যদি বলতে হয় তবে পাশের দেশের সঙ্গে তুলনা করলে তাই মনে হবে। আসলে আমাদের ছবিকে আমাদের দেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হবে। আমাদের এখানে ভালো কাজ হচ্ছে না তা কিন্তু না। বিগত বছরগুলোর দিকে তাকালেই দেখবেন অনেক ব্যবসাসফল ছবি নির্মিত হয়েছে। আমরাও সবসময় চাই ভালো কাজ করতে। কারণ দিনশেষে কিন্তু আমাদেরই কথা শুনতে হয়। আর চলচ্চিত্র অবশ্যই ঘুরে দাঁড়াবে। আবার সবাই কাজে ফিরেছে। যখন বেশি কাজ হবে, ভালো কাজ হবে তখন তো ঘুরেই দাঁড়াবেই, তাই না!

সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ৫৭০ সিনেমার কাজ শেষ করলেন। এমন একটি ছবিতে কাজ করা কতটা চ্যালেঞ্জের ছিল?

 যেহেতু ছবিটি বঙ্গবন্ধুর মৃত্যুর পরবর্তী সময় নিয়ে নির্মিত সেহেতু সেই গল্পে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জের ছিল। তবে চ্যালেঞ্জ থাকলেও এমন একটি কাজ আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে—এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের অনেক শিল্পী ভারতে যাচ্ছেন বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করতে। সেক্ষেত্রে আমি তাকে নিয়ে নির্মিত একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করতে পেরেছি, এটাও অনেক সৌভাগ্যের ব্যাপার।

নতুন বছরে বাপ্পীর চমক কী আসছে?

দেখুন, আমি শুরু থেকেই নিজেকে ভাঙার চেষ্টা করছি। নতুন বছরে শুরুতেই ‘শ্বশুরবাড়ি ২’, ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’ তিন ছবি তিন বাপ্পীকে দেখবেন দর্শকরা।