প্রশংসায় ভাসছেন পরিনীতি!

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:৩৯

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সিনেমাগুলো ব্যবসাসফলের পাশাপাশি বেশ প্রশংসিতও হয়েছে। এবার আসছে তার পরবর্তী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। সিনেমাটি মুক্তির আগেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এদিকে গত বুধবার সিনেমাটির টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পরিনীতি।

শুধু দর্শকদের প্রশংসা নয়, নিজের চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তার গুণগান করেছেন। এমনকি নিজের টুইটারে টিজারটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। টিজারটি শেয়ার করে ক্যাপশনে দুটি হার্ট ইমোজিসহ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত মেয়ে। আরো কিছু দেখার অপেক্ষায় রইলাম।’ বোনের এই পোস্ট রিটুইট করে পরিনীতি লিখেছেন, ‘মিমি দিদির অনুমোদন পেয়েছি, এখন শান্তিতে ঘুমাতে পারবো।’

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পাওয়া একই নামের হলিউডের একটি সিনেমার হিন্দি রিমেক ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। সিনেমাটি গতবছর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে এটি পিছিয়ে যায়। তবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।