প্রতিবারের মতো এবারো ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন সংগীত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশের সংগীত গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাংলা সংগীত কেন্দ্র (আইসিবিএম)। জানা গেছে, প্রতিযোগিতায় পাঠানো গানের ব্যাপ্তি হতে হবে ৪ মিনিট, তবে উচ্চাঙ্গ সংগীতের ক্ষেত্রে ৮ মিনিট। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।
এ প্রসঙ্গে আইসিবিএমের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ড. লীনা তাপসী খান বলেন, ‘আইসিবিএম আইকন প্রতিযোগিতাটি সংগীত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই বৈশ্বিক মহামারির সময়ে সংগীত সাধনায় অনুপ্রেরণা জোগাবে এবং মানসিকভাবে উচ্ছ্বসিত করবে। শিক্ষা ও সংগীত সমানতালে চললে মানুষ অন্ধত্বের বেড়াজালে পড়বে না বলে আমার বিশ্বাস।’ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এবং ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয়গুলো হলো উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও কাওয়ালী। উল্লেখ্য, আজ প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের শেষদিন। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি প্রতিযোগিতাটির গ্রান্ড ফিন্যাল অনুষ্ঠিত হবে। দেশের স্বনামধন্য সংগীতজ্ঞ ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীর নাম প্রকাশ করা হবে।
