লোহাগাড়ায় যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৫

লোহাগাড়ার বড়হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. সাইফুল ইসলাম (৩০)। বুধবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. সাইফুল ইসলাম ঐ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা হারিমুনপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তরা সাইফুলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।