জয়পুরহাটে ধর্ষকের ৪০ বছরের দণ্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৬

জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার মামলায় ধর্ষকের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানা। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন জেলার হরিপুর উত্তরপাড়া গ্রামের খাতিজা বেগমকে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের মাসুদ রানা। এ সময় তার চিত্কারে এলাকাবাসী ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। ঘটনার পর লজ্জায় ২ জুলাই ধর্ষণের শিকার কিশোরী বিষপাণে আত্মহত্যা করে। এ ব্যাপারে খাতিজার বাবা বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাসুদ রানাকে আসামি করে মামলা করেন।