বশেমুরবিপ্রবিতে বিভাগ একীভূতকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৭

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ হাসিনা ইনস্টিটিউট অব আইসিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা বিভাগ একীভূতকরণের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বিষয়টি অবগত রয়েছি। তাদের আন্দোলন বন্ধ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা আন্দোলন বন্ধ করেনি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভা ও রিজেন্ট বোর্ডে তাদের সমস্যার কথা আলোচনা করা হবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে দিকনির্দেশনা চাওয়া হবে।