বেক্সিমকো পেল জনতা ব্যাংকের সর্বোচ্চ রপ্তানিকারক পুরস্কার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৯

২০২০ সালে জনতা ব্যাংকের মোট রপ্তানির ৬৬ শতাংশই হয়েছে ব্যাংকটির লোকাল অফিসের মাধ্যমে। আর এতে একক গ্রুপ হিসেবে অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সর্বোচ্চ রপ্তানি ও মুনাফা প্রদানকারী গ্রুপ হিসেবে বেক্সিমকো লিমিটেডকে ট্রফি ও  সম্মাননা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, লোকাল অফিসের ৭৬ শতাংশ রপ্তানি সম্পন্ন হয়েছে বেক্সিমকো লিমিটেডের মাধ্যমে। করোনার কারণে অন্যান্য কোম্পানি ঋণ পরিশোধ না করলেও কোনো কিস্তি বাকি রাখেনি দেশের বড় এ গ্রুপটি। গত বছর ঋণের কিস্তি হিসেবে ৪২৬ কোটি টাকা দিয়েছে বেক্সিমকো।

জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ বেক্সিমকো গ্রুপের পরিচালক এবং সিইও (ট্রেক্সটাইল) সৈয়দ নাভেদ হুসাইনের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। বেক্সিমকোকে সম্মাননা দেওয়া বিষয়ে জনতা ব্যাংকের ৬৪৮তম পর্ষদ সভার সিদ্ধান্ত হয়েছিল বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর ওসমান কায়সার চৌধুরী, চিফ অপারেশন অফিসার অনিল কুমার মহেশ্বরি, এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামানুল বাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর এম এস খান শাকিল ও হেড অব ব্যাংকিং মো. মাসুম মিয়া এবং জনতা ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক, মো. জসিম উদ্দিন, আব্দুল জব্বার এবং মো. আমিরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দ নাভেদ হুসাইন বলেন, করোনার সময়ে আমাদের অন্যান্য ব্যবসা কমলেও পিপিই উত্পাদন, বিপণন ও রপ্তানি বেড়েছে অনেক গুণ। এ সময়ে গ্রুপের অন্যান্য ব্যবসা কমে অর্ধেকে নেমেছে। তিনি বলেন, ২০২১ সালে একদিকে যেমন করোনা ও টিকা নিয়ে চ্যালেঞ্জ থাকবে অন্যদিকে ভূ-রাজনীতির নতুন সমীকরণ নিয়েও চ্যালেঞ্জ থাকবে। এ কঠিন সময়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা করতে হবে বলে তিনি মনে করেন।