পুঁজিবাজারে মূলধনে নতুন রেকর্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫০

দেশের পুঁজিবাজার পুরোপুরি গতিশীল। প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। এবার বাজার মূলধনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গতকাল বৃহস্পতিবার ৫ লাখ ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। যা ডিএসইতে সর্বোচ্চ বাজার মূলধন। আগের দিনের চেয়ে বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। গত বুধবার ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা। এর আগে গত মঙ্গলবার বাজার মূলধন ১২ হাজার ৫০০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকায় পৌঁছায়। এদিনটি বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আগের দিন ১১ জানুয়ারি বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি ৬ লাখ ৮ হাজার টাকা। এদিকে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। অপর সূচকগুলোও ধারাবাহিকভাবে বেড়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচক ঊর্ধ্বমুখী।