কানাডায় ডিজিটাল বুথ খুলছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫০

কানাডার টরেনটোয় ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৪তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে বিদেশে বুথ খোলার অনুমোদন দেওয়া হয়। এরপর চলতি বছরের  ৪ জানুয়ারি এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি। বিষয়টি উভয় স্টক এক্সচেঞ্জসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকেও জানানো হয়েছে। এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম বারের মতো বিদেশে ব্রোকারেজ হাউজের শাখা খোলার অংশ হিসেবে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়। এর পরই দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিজকে বিদেশে ডিজিটাল বুথ খোলার অনুমোদন পেল। এ বিষয়ে পদ্মা ব্যাংক সিকিউরিটিজের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) মো. হুমায়ুন হাবিব বলেন, কানাডায় ডিজিটাল বুথ খোলার জন্য পদ্মা ব্যাংক সিকিউরিটিজকে অনুমোদন সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় বুথ খোলার জন্য সেখানকার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তাদের লাইসেন্স পেলেই শিগিগরই ডিজিটাল বুথ চালু করা হবে।