আবর্জনায় পরিপূর্ণ ড্রেন!

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৩

একসময় পরিচ্ছন্ন নগরী হিসেবে কুমিল্লার সুনাম ছিল। এখন আর তা নেই। নগরীর যত্রতত্র আবর্জনার স্তূপ চোখে পড়ে। সিটি করপোরেশন রাতে ও দিনে আবর্জনা অপসারণের কাজ করে থাকে। তবে জনসচেতনতার অভাবে নগরী পরিচ্ছন্ন রাখার চেষ্টা অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না। যে যেখানে পারছে ময়লা-আবর্জনা বা পরিত্যক্ত মালামাল ফেলে রাখছে। এতে করে নগরীর সর্বত্রই আবর্জনার ছড়াছড়ি। এজন্য নগরীর প্রতিটি স্থান দূষিত হয়ে উঠছে। কোথাও সড়কের ওপর ডাস্টবিন। যেখান থেকে বর্জ্যের পানি সড়ক ভাসাচ্ছে। একইভাবে অনেক স্থানে ড্রেনের পানিও সড়কের ওপর জমে থাকছে। অসচেতন নগরবাসী তাদের পরিত্যক্ত জিনিসগুলো প্রতিদিনই ড্রেনে ফেলায় স্বাভাবিক পানি নিষ্কাশন হচ্ছে না। এতে ড্রেন জুড়ে জমে থাকা ময়লায় মশার বংশ বিস্তার হচ্ছে। যা নানা রোগ-জীবাণু ছড়াতে সহায়তা করছে। সিটি করপোরেশন থেকে ড্রেনগুলো পরিষ্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই আবার আবর্জনায় ভরাট হয়ে যায়। নগরীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম টমসম ব্রিজ হয়ে উত্তর দিকের খালটি। প্রতিদিন নগরবাসী এই ড্রেনেই আবর্জনা ফেলায় বোঝার উপায় নেই এটা ড্রেন না ডাস্টবিন! তাই এ ব্যাপারে জনসচেতনতার বিকল্প নেই। গত সোমবার দুপুরে টমসম ব্রিজ এলাকা থেকে নেওয়া ছবিটি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০