সবশেষ তিন টেস্টে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছে ভারত। কিন্তু আজ শুরু হওয়া শেষ টেস্টের আগে একাদশ নিয়ে সেরকম নিশ্চিত ধারণা পাওয়া গেল না। এমনকি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও সেটা খোলাসা করেননি ব্যাটিং কোচ বিক্রম রাথৌড়।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত ভারত। হারিয়েছে পাঁচ খেলোয়াড়কে এছাড়া ছোটখাটো ইনজুরিতে ভুগছেন বেশ কজন। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না তারা। ১-১ সমতায় থাকা সিরিজটি জিতেই বাড়ি ফিরতে চায় তারা, ‘আমরা যতটুকু সম্ভব তাদের সময় দিতে চাই। সকালেই জানতে পারবেন কোন একাদশ মাঠে নামবে। যেই খেলুক আমাদের বিশ্বাস আমরা ভালো খেলব।’
ব্রিসবেনের মাঠটি অস্ট্রেলিয়ার দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৮ সালের এখানে অপরাজিত তারা। তাই সিরিজ নির্ধারণী ম্যাচটি নিয়ে স্বাগতিকদের স্বস্তিতে থাকাটা অযৌক্তিক কিছু নয়। অজি অধিনায়ক টিম পেইনের কথা তেমনটাই মনে হচ্ছে, ‘কোনো সন্দেহ নেই এখানে ক্রিকেট খেলাটা কঠিন। বাউন্স আর গতির সঙ্গে মানিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। সেজন্য লম্বা সময় ধরে এই মাঠ থেকে সুবিধা পেয়ে এসেছে অস্ট্রেলিয়া দল।’
